সাম্পান ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের অন্ধকারে প্রায় ৮০ বছরের পুরোনো হিন্দু সম্প্রদায়ের একটি সমাধিস্থল উপড়ে ফেলে সেখানে মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুরু ও তার সহকর্মীদের নিয়ে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিখিল ডাক্তারের বাড়ির পারিবারিক সমাধিস্থল, যেখানে বঙ্কিম চন্দ্র নাথের পরিবারের পূর্বপুরুষদের সমাধি রয়েছে, সেখানে দখল করার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ফটিকছড়ি আসনের বেসরকারীভাবে নির্বাচীত সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বহু বছর ধরে ওই স্থানটি তাদের পূর্বপুরুষদের সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তারা বলেন,“আমাদের পূর্বপুরুষদের সমাধি উপড়ে ফেলা হয়েছে। এটি শুধু জমি দখলের ঘটনা নয়, আমাদের ধর্মীয় অনুভূতির ওপরও সরাসরি আঘাত।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জায়গাটি সমাধিস্থল হিসেবে পরিচিত ছিল এবং এলাকাবাসীও বিষয়টি জানতো। হঠাৎ করে সমাধি সরিয়ে ফেলার ঘটনাটিকে তারা পরিকল্পিত দখলচেষ্টা হিসেবে মনে করছেন।
অভিযুক্ত যুবদল নেতা নুর উদ্দিন নুরু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। আমি বা আমার কোনো লোক এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নুর উদ্দিন নুর ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বিষয়টিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছেন। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, সমাধিস্থল পুনরুদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পি/আর
