শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে ১৭ লাখ টাকার ক্রিস্টাল আইসসহ ফটিকছড়ির দুই যুবক গ্রেপ্তার

প্রকাশ: ৫ মে ২০২৬ | ৪:১২ অপরাহ্ণ আপডেট: ৫ মে ২০২৬ | ৪:১২ অপরাহ্ণ
চট্টগ্রামে ১৭ লাখ টাকার ক্রিস্টাল আইসসহ ফটিকছড়ির দুই যুবক গ্রেপ্তার

সাম্পান ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীতে ক্রিস্টাল আইস (ক্রিস্টাল মেথ) কারবারের সঙ্গে এবার ফটিকছড়ির নাম জড়িয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ ফটিকছড়ির দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আফতাব হোসেনের নেতৃত্বে টিম–৩১ গোপন সংবাদের ভিত্তিতে ৪ মে রাতে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফিনলে স্কয়ার ভবনের ৭ম তলায় অবস্থিত ‘ক্রিয়েটর্স হাব’ নামক একটি প্রতিষ্ঠান থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম সাদা রঙের ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরান চৌধুরী বাড়ির সেলিমের ছেলে মোঃ সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ আবু ফয়সাল (২৬)।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক ফটিকছড়ি এলাকার এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীতে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। গ্রেফতারকৃতরা ওই চক্রের সদস্য হিসেবে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি (উত্তর) বিভাগ।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares