সাম্পান ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রিনা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিনা আক্তার ওই এলাকার লোবা গাজীর বাড়ির মোহাম্মদ ইকবাল হোসেনের স্ত্রী।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে রিনা আক্তার তার বাবাকে ইমোতে ভয়েস মেসেজ পাঠিয়ে তার ১৬ মাস বয়সী মেয়েকে দেখভাল করার কথা বলেন। পরে সোমবার সকালে শ্বশুরবাড়ির রান্নাঘরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
এদিকে নিহতের পিতা সিএনজি চালক মোহাম্মদ আইয়ুব অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহার সুমন জানান, গৃহবধূ রান্নাঘরে গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামী বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় কালো দাগ রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পি/আর
