নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুম ২০২৫–২৬-এর বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ৭৩০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হড়সহ বিভিন্ন রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন এবং উপজেলা সমবায় কর্মকর্তা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানো, আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং ফসলের বহুমুখীকরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রবি মৌসুমে আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
এসএস
