বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে হারুয়াল ছড়ি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ৩:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ৩:৫৫ অপরাহ্ণ
ফটিকছড়িতে হারুয়াল ছড়ি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী হারুয়াল ছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ফটিকছড়ি উপজেলা থেকে জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রামের স্বনামধন্য পার্ক ভিউ হাসপাতালের ডিরেক্টর ও হারুয়াল ছড়ি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি ডা. আহমদ রহিম, হারুয়াল ছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ইকবাল হোসেন চৌধুরী, হারুয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল হায়দার, এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোজ চৌধুরী। এছাড়াও এলাকার বরেণ্য শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, রক্তচাপ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শসহ দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়। চট্টগ্রামের নামকরা ৮ জন চিকিৎসক এই সেবায় অংশ নেন। বিশেষ করে নারী ও বৃদ্ধদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় টাইফয়েড টিকা দান কর্মসূচির মাধ্যমে। প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ দিনভর উৎসবমুখর পরিবেশে মুখরিত ছিল।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, শিক্ষা ও স্বাস্থ্য একে অপরের পরিপূরক। শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়— পাশাপাশি স্বাস্থ্যসচেতন হওয়াও জরুরি। সুস্থ শরীর ছাড়া মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করাও সম্ভব নয়।

তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবা নয়, মানবতার সেবারও এক অনন্য উদাহরণ। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সমাজমুখী ও জনকল্যাণমূলক কার্যক্রম দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এলাকাবাসী এমন আয়োজনকে সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares