সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন এক মা নিজের ৯ মাস বয়সী সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেছেন। এতে শিশু আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কবির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে আমেনা খাতুন (৩৫) তার সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন। মা ও সন্তান দুজনই বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, আমেনা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাপের বাড়িতে অবস্থানকালে তিনি সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশু আব্দুল্লাহ মারা যায়। বর্তমানে আমেনা খাতুন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমেনা খাতুন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী।
এসএস
