ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা)-এর মসজিদের সামনে দাঁড়িয়ে অশোভন অঙ্গভঙ্গি করে ছবি তোলার অভিযোগে ফটিকছড়ির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আরিয়ান ইব্রাহিম। তিনি ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা। অভিযোগ রয়েছে, আজ সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে যোগ দিতে যাওয়ার পথে তিনি হাটহাজারী মাদরাসার সামনে ছবি তুলে তা নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এসময় নিজেকে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের ৩নং ওয়ার্ড সভাপতি পরিচয় দেন।
তবে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী জানান, আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নন। তিনি সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশাসনকে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের আইডি ডিঅ্যাকটিভ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম পরে বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। তবে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুন্নি মুসল্লি ও কওমি মাদরাসার ছাত্রদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
এসএস
