শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

মীরসরাইয়ে ডাকাতি মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১:৪৬ অপরাহ্ণ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১:৪৬ অপরাহ্ণ
মীরসরাইয়ে ডাকাতি মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও ডাকাতির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া কর্মকার পাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ওইদিন দুপুরে মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেন (২৯) এর ফার্ম থেকে ২২০০ কেজি মুরগি কেনার জন্য কাজী ইব্রাহীম মৌখিক চুক্তি করেন।

পরে বিকেলে হাটহাজারীর জালালিয়া চিকেন সাপ্লাই থেকে পিকআপযোগে ৩ লাখ ৩ হাজার টাকা নিয়ে ক্রেতা পক্ষ মীরসরাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী নাহিদ হোসেন, সাহেদ আহমেদ রিয়াজ (২৭) ও তাদের সহযোগীরা ভিকটিমদের মিঠাছড়া এলাকায় ডেকে নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনার পর মীরসরাই থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. শাহিন আহম্মেদ নয়ন ও এসআই সায়েদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাহিদ হোসেন ও সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত তিনটি রামদা, ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, দুটি কালো মুখোশ, দুটি কালো ক্যাপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মীরসরাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares