সাম্পান ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে চার যানবাহনের সংঘর্ষে ট্রাক থেকে ছিটকে পড়া স্টিলের বান্ডেলে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ (১৮) মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার বাসিন্দা এবং পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) ও নুরুল আমিন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে যানজটের কারণে গাড়িগুলো ধীরগতিতে চলছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। পরবর্তীতে ওই কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে স্টিলের বান্ডেলবোঝাই একটি ট্রাকের। এরপর আরও একটি কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে ট্রাকে থাকা প্রায় পাঁচ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে পড়ে সামনের একটি কাভার্ড ভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিটে আটকা পড়েন। একই সময় রাস্তা পার হওয়ার সময় আশরাফ গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে আশরাফ মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফের মৃত্যু হয়।
পি/আর
