শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

মডেল উখিয়া গড়তে তরুণ যুবকরা এবার আপোষহীন: মুহাম্মদ শাহজাহান

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫ | ৪:৫৬ অপরাহ্ণ আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ | ৫:০২ অপরাহ্ণ
মডেল উখিয়া গড়তে তরুণ যুবকরা এবার আপোষহীন: মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক 

উখিয়া–টেকনাফে পরিবর্তনের বার্তা নিয়ে জেগে উঠেছে তরুণরা। ‘মডেল উখিয়া–টেকনাফ’ গড়তে তারা এবার আপোষহীন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

৬ ডিসেম্বর উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা আয়োজিত ছাত্র–তরুণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবুল ফজল।

প্রধান অতিথি বলেন, তরুণদের জাগরণই উখিয়া–টেকনাফকে অন্যায়–দুর্নীতি থেকে মুক্ত করবে। ফ্যাসিবাদ, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র–যুবকদের ভূমিকা প্রশংসনীয়। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সকল ধরনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে তারুণ্য শক্তিই দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করবে।

তিনি দাবি করেন, উখিয়া–টেকনাফের মাঠে যে গণজোয়ার তৈরি হয়েছে—তা বিরোধী পক্ষকে আতঙ্কিত করে তুলেছে। তাই পেশিশক্তির হুমকি–ধমকির অভিযোগ উঠছে। টেকনাফের সীমান্ত বাণিজ্য উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক স্থিতি বৃদ্ধির বড় সুযোগ তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার–৪ আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, উখিয়া–টেকনাফকে শান্তি ও নিরাপদ জনপদে পরিণত করতে তিনি দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। জনগণের সেবক হিসেবেই কাজ করতে চান তিনি। সকল শ্রেণি–পেশার মানুষের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন আনোয়ারী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী ঘোষণা দেন, “আগামী নির্বাচনে উখিয়া–টেকনাফের সংসদ সদস্য হবেন মাওলানা নূর আহমদ আনোয়ারী।” এ সময় তিনি আনোয়ারীর হাত উঁচু করে সমাবেশস্থলে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দিলে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুর রহিম নুরী, জেলা দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশ পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহীম।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares