শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

রাজধানীতে যুবদল সিন্ডিকেট বনাম শীর্ষ সন্ত্রাসী গ্রুপে উত্তেজনা

প্রকাশ: ৮ মে ২০২৬ | ৫:৫৪ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২৬ | ৬:০৪ অপরাহ্ণ
রাজধানীতে যুবদল সিন্ডিকেট বনাম শীর্ষ সন্ত্রাসী গ্রুপে উত্তেজনা

সাম্পান ডেস্ক : 

রাজধানী ঢাকায় আধিপত্য বিস্তার, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও গরুর হাটের ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদল সিন্ডিকেট ও বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী গ্রুপের মধ্যে ভয়াবহ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, পরিস্থিতি যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিতে পারে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ঘনিষ্ঠ একটি সিন্ডিকেটের সঙ্গে অঞ্চলভিত্তিক শীর্ষ সন্ত্রাসীদের বিরোধ শুরু হয়।

সূত্র দাবি করেছে, রাজধানীকে অন্তত ১০টি অঞ্চলে ভাগ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে। বর্তমানে গরুর হাটের ইজারা ও বড় ঠিকাদারি কাজের টেন্ডার বণ্টনকে কেন্দ্র করে এসব গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। মাঝেমধ্যেই সংঘর্ষ, হামলা ও উত্তেজনার ঘটনা ঘটছে।

অভিযোগ রয়েছে, যুবদল সিন্ডিকেট রাজধানীর প্রতিটি অঞ্চলে একটি করে সন্ত্রাসী গ্রুপকে প্রশাসনিক ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে। সম্প্রতি মোহাম্মদপুরের বসিলা গরুর হাটের ইজারা নিয়ে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ‘ক্যাপ্টেন ইমন’-এর একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কথা বলতে শোনা যায়।

এদিকে দীর্ঘদিন ধরে অপরাধ জগতের অন্যান্য গ্রুপগুলো যুবদল সিন্ডিকেটের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুবদল সভাপতি মুন্না সম্প্রতি ব্যাংককে কয়েকজন পলাতক শীর্ষ সন্ত্রাসী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে একাধিক সূত্র দাবি করেছে। তবে সেই বৈঠকে কোনো সমঝোতা হয়নি বলেও জানা যায়। বৈঠকের কিছুদিন পরই রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিউন গুলিতে নিহত হন।
পরবর্তীতে রাজধানীর বিভিন্ন গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ নিরসনে গত এপ্রিলের শেষ সপ্তাহে মুন্না সিঙ্গাপুরে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন বলেও সূত্রের দাবি।

তেজগাঁও ও কাওরান বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের এক সহযোগী জানান, বর্তমানে রাজধানীর অপরাধ জগতে যুবদল সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, কারণ তাদের প্রশাসনিক সমর্থন রয়েছে। এ কারণে অনেক সন্ত্রাসী গ্রুপ তাদের সঙ্গে সমঝোতায় কাজ করছে। তবে যেসব গ্রুপ সমঝোতার বাইরে রয়েছে, তারা পাল্টা অবস্থান নিচ্ছে।

তিনি বলেন, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ক্যাপ্টেন ইমনের সঙ্গে যুবদল সিন্ডিকেটের সমঝোতা থাকলেও পিচ্চি হেলাল গ্রুপ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে রাজধানীতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক নিউমার্কেট ব্যবসায়ী সমিতির এক নেতা দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

সাম্পান /

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares