বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে রহিমপুর মাদ্রাসায় গ্রন্থ পাঠের আসর অনুষ্ঠিত

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ৯:৩৭ পূর্বাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ৯:৫০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে রহিমপুর মাদ্রাসায় গ্রন্থ পাঠের আসর অনুষ্ঠিত

সাম্পান ডেস্ক

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে হাটহাজারীর রহিমপুর দারুল কোরআন মাদরাসায় গ্রন্থ পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) রহিমপুর দারুল কোরআন মাদরাসা এবং আন-নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসাটির সহকারী পরিচালক মুফতি মাসউদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মুফতি তরিকুল ইসলাম ও মুফতি এমদাদুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আরবি ভাষাবিদ মুফতি যুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি খোরশেদ, মাওলানা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এতে প্রয়াত শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. কর্তৃক আরবি ভাষায় রচিত ‘আত-তাওহীদ ওয়াশ শিরক’ কিতাবটির পাঠ করেন শিক্ষার্থীরা।পরে সেখান থেকে সেরা তিনজনকে আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুফতি মাসউদুর রহমান চৌধুরী বলেন, আরবি ভাষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। অন্তত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়্যার মতে যেহেতু আরবি ভাষা ছাড়া ধর্মীয় পরিভাষা বুঝা সম্ভব না তাই এই ভাষা শিখা ওয়াজিব। এছাড়াও বর্তমান বিশ্বে চল্লিশ লক্ষ মিলিয়নেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে। আজকের এই অনুষ্ঠান ছাত্রদের মাঝে আরবি ভাষার প্রতি আরো আগ্রহী করে তোলার জন্য করা হয়েছে।

প্রসঙ্গত, রহিমপুর দারুল কোরআন মাদ্রাসা হাটহাজরী থানার অন্তর্গত ইছাপুর বাজারের পশ্চিমে জান আলী চৌধুরী বাড়ি সংলগ্ন অবস্থিত। বর্তমান মাদরাসাটিতে নূরানি, হিফজ ও কিতাব বিভাগ ছাড়াও ফতোয়া বিভাগ রয়েছে। এছাড়াও বাংলাভাষা ও সাংবাদিকতার একটি বিশেষ বিভাগ রয়েছে। এটি হাটহাজারী থানার একটি আধুনিক মাদরাসা হিসেবে সমাদৃত। বিগত বছরে বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ এবং নুরানি তালিমুল কোরআন বোর্ডে শতভাগ সাফল্য অর্জন করেছে মাদ্রাসাটি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares