সাম্পান ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ও ৪ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন প্রদানকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন মতি উল্লাহ নূরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মুহাম্মদ রফিকুল ইসলাম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ আলা উদ্দিন, (বাংলাদেশ লেবার পার্টি), মোঃ নাসির উদ্দীন (বাংলাদেশ খেলাফত মজলিস) এবং সৈয়দ মোখতার আহমেদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।
কার্যালয় সূত্রে আরো জানা যায়, রাজনৈতিক দলের মনোনয়ন পত্র সঠিক না হওয়ায় ও ১% ভোটার সংখ্যা দৈবচয়নের ভিত্তিতে যাচাই-বাছাইয়ে সঠিক প্রমাণিত না হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের ৪ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়। এতে অবৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি), এস.এম. ফজলুল হক (স্বতন্ত্র), শাকিলা ফারজানা (স্বতন্ত্র) এবং মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (স্বতন্ত্র)
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন পত্র অবৈধ প্রার্থীগণ আপিল দায়ের করতে পারবেন ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। এতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
পি/আর
