সাম্পান ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদমে ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে স্থানীয় দুটি এতিমখানায় উন্নত মানের ইফতার ও সেহরি পরিবেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নে এসব সামগ্রী ও অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী উপস্থিত থেকে নিজ হাতে স্থানীয়দের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এছাড়া আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন দুর্গম সীমান্ত রক্ষার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পাহাড়ী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে ত্রাণ সহায়তার ধারাবাহিকতায় এই রমজানেও তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টারসহ বিজিবির বিভিন্ন পদবীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পি/আর
