ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর অভিযোগ করেছেন, একটি ‘গুপ্ত সংগঠন’ আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, ১৯৭১ সালে এ সংগঠনকে মানুষ যেমন ধুলোয় মিশিয়ে দিয়েছিল, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের শক্তিতে তাদের আবারও ধুলোয় মিশিয়ে দেবে জনগণ।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর জানান, কিছু বিশৃঙ্খলাকারীর সঙ্গে মিশে বিভাজন সৃষ্টি করছে ‘গুপ্তচক্র’। তবে জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে, তাই কোনো ষড়যন্ত্র সফল হবে না। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা মানুষের হৃদয়ে পৌঁছে গেছে।
চাঁদাবাজির সঙ্গে বিএনপির সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। অতীতে যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল তারা এখন ঐক্যবদ্ধ বিএনপিতে ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু ফটিকছড়িতে ধানের শীষের পক্ষে বিএনপি ঐক্যবদ্ধ। যারা মান-অভিমানে আছেন, তারাও শিগগিরই ফিরে আসবেন। সবাই একসঙ্গে কাজ করলে ধানের শীষ জয়ী হবেই।
পথসভা শুরুর আগে নাজিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার–ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমবেত হন এবং স্লোগানে মুখর পরিবেশ তৈরি করেন।
সভায় সভাপতিত্ব করেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিঞা। পৌর বিএনপির সদস্যসচিব শাহ নেওয়াজ সেবুলের সঞ্চালনায় বক্তব্য দেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, এম এ মনসুর চৌধুরী, ওসমান চৌধুরী, ইয়াকুব শহীদ, নাছির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসএস
