বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, আটক ১

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১:০৪ অপরাহ্ণ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ১:০৪ অপরাহ্ণ
হাটহাজারীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, আটক ১

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে মো. জাফর (৬০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ১নং পাহাড়তলী সিটি কর্পোরেশনের পরিরখীল পাকা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস শাহ ভান্ডারী প্রথমে লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার এসআই তানভীর ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জাফর দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি পুত্রবধূকে জানিয়ে ১০০ টাকা নিয়ে চৌধুরীহাট বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে রাতে তার নিথর দেহ পরিরখীল সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় সন্দেহভাজন রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক রুবেলের বাড়ি হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের মোলবি পাড়ায়। তিনি পেশায় সিএনজি চালক। এলাকাবাসী তাকে আটক করে প্রাথমিকভাবে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেয়।

হাটহাজারী থানার এসআই তানভীর জানান, নিহত জাফরের কপালে হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares