শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী আইসিইউতে মৃত্যু

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬ | ৪:৪১ অপরাহ্ণ আপডেট: ৮ এপ্রিল ২০২৬ | ৪:৪৭ অপরাহ্ণ
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী আইসিইউতে মৃত্যু

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ ব্যবসায়ী নাসির উদ্দিন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত নাসির উদ্দিন হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন। শেরে বাংলা মাজারের পশ্চিম পাশে তার মুদি দোকান ছিল, যা এলাকায় বেশ পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদের দিন হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের কড়িয়ার দিঘী সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বুধবার গভীর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, ১৮ বছরের নিচে কোনো চালকের কারণে দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে সংশ্লিষ্ট চালকের অভিভাবকের বিরুদ্ধে এবং প্রাপ্তবয়স্ক চালকের ক্ষেত্রে সরাসরি চালকের বিরুদ্ধে মামলা করার বিধান থাকা উচিত। পাশাপাশি বড় অঙ্কের জরিমানার ব্যবস্থাও চালু করলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার হার কমবে বলে তারা মনে করেন।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares