বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে  পদ্মগোখরা সাপের ২৭  বাচ্চা উদ্ধার

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩ | ৮:৪৬ অপরাহ্ণ আপডেট: ৩ অক্টোবর ২০২৩ | ৮:৪৬ অপরাহ্ণ
হাটহাজারীতে  পদ্মগোখরা সাপের ২৭  বাচ্চা উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলার ১১ মাইল এলাকায়  পাওয়া গেছে ২৭টি পদ্মগোখরা সাপের বাচ্চা। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকা থেকে এসব সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ)-এর প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম বলেন, হাটহাজারী পৌর এলাকার ১১ মাইল আব্দুল মজিদ সড়কের সাইদ ম্যানশনে পদ্মগোখরা সাপের বাচ্চাগুলো দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ) গ্রুপের সদস্য মো. সুমন ও রূপান্তর দেওয়ান এলাকাবাসীর সহযোগিতায় সাপের বাচ্চাগুলো উদ্ধার করেন।

গবেষক মো. রফিকুল ইসলাম বলেন, পদ্মগোখরা বিষধর সাপ। বর্তমানে খুব একটা দেখা যায় না। এরা মাটির গর্তে বসবাস করে। পানিতে নামার খবর পাওয়া যায় না। তবে খাদ্যের সন্ধানে তারা যেকোনো পরিস্থিতিতে চলাফেরা করতে পারে।

জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পদ্মগোখরা খাদ্য শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অংশ। এরা ইঁদুর দমনের মাধ্যমে কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষা করে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares