বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ২

প্রকাশ: ১ নভেম্বর ২০২৫ | ১২:০৫ পূর্বাহ্ণ আপডেট: ১ নভেম্বর ২০২৫ | ১২:০৫ পূর্বাহ্ণ
হাটহাজারীতে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ২

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮)। তারা দুজনই উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাসিন্দা। আরফান মাছুয়া ঘোনা এলাকার কবির আহম্মদ মাষ্টার বাড়ির আব্দুল্লাহর পুত্র এবং মিরাজ উদ্দিন সোবহান সওদাগর বাড়ির নেজাম উদ্দিনের ছেলে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বদিউল আলমহাট প্রকাশ বৈদ্দেরহাট এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনটির একদল নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হঠাৎ ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এসময় স্থানীয় যুবক ফারুক ও শফিউল আলমসহ কয়েকজন প্রতিবাদ জানালে ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর চড়াও হয়।

পরবর্তীতে ফারুক ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রাত প্রায় ১২টার দিকে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে দুইজনকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares