হাটহাজারী প্রতিনিধি
ধর্ম উপদেষ্টা ড. খালিদ সাঈদী বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আলেমদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আলেম-ওলামারা দায়িত্বশীলভাবে এগিয়ে এলে দেশ শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে। মানুষের খোঁজখবর নেওয়া, তাদের প্রয়োজন-সমস্যা বোঝা এবং নৈতিক দিকনির্দেশনা দেওয়া ওলামাদের দায়িত্বের অংশ। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর ইতিবাচক পরিবর্তনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আত্মশুদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, আমাদের সবারই ভুল আছে। অন্যের দোষ খোঁজার আগে নিজের দিকে তাকানো জরুরি। মানুষকে সম্মান দিলে সম্মানই ফিরে আসে। কাউকে অপমান করলে শেষ পর্যন্ত নিজেকেও এর মূল্য দিতে হয়।
জীবনের ক্ষণস্থায়ীতার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা বা সম্পদ কোনোই স্থায়ী নয়। ইতিহাসে বহু ক্ষমতাশালী মানুষের পরিণতি তারই প্রমাণ। তাই সর্বদা আল্লাহকে স্মরণে রাখা এবং ন্যায়-সৎ পথে থাকার আহ্বান জানান তিনি।
উস্তাদের খেদমত ও ওলামায়ে কেরামের সংস্পর্শের বরকত নিয়ে তিনি বলেন, আলেমদের সাহচর্য মানুষকে নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ ও সুন্দরের পথে পরিচালিত করে।
মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে ১৪৪৫–৪৬ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস সমাপনী করা প্রায় তিন হাজার শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়।
এসএস
