সাম্পান ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন।
রবিবার (১৫ মার্চ) বিকেলে ফটিকছড়ি কলেজ মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য শিক্ষিত তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজে বিদ্যমান বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য তরুণদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়, যা সমাজে ন্যায় ও সাম্যের বার্তা ছড়িয়ে দিতে সহায়ক।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজসহ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা শিক্ষাঙ্গনে বৈষম্য দূর করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পি/আর
