সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফটিকছড়ি পৌরসভা ও কাঞ্চননগর ইউনিয়নের ধুরুং খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে খালের তিনটি স্পট থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে মোট ১ লাখ ৬৯ হাজার টাকা জমা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাঈদ ইব্রাহিম। এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
পি/আর
