শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

পুলিশের ওপর হামলা করে গাড়ি ছিনতাই, গ্রেপ্তার ১

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ
পুলিশের ওপর হামলা করে গাড়ি ছিনতাই, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বড়পুল মোড়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত মো. আলমগীর (৪৫) হালিশহর ছোটপুল এলাকার বাসিন্দা।

এর আগে গত শনিবার (২১ মার্চ) পুলিশ বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করে।

জানা যায়, গত ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ট্রাফিক পশ্চিম বিভাগের টিএসআই মো. জাহিদ হোসেন বড়পুল মোড় এক্সেস রোডের মুখে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ওই সড়কে চলাচল নিষিদ্ধ যাত্রীবাহী একটি মেক্সিমা অটোটেম্পু চলাচল করলে সেটি থামানোর সংকেত দেন তিনি। তবে চালক আলমগীর সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে অস্বীকৃতি জানান এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একপর্যায়ে তিনি মোবাইল ফোনে সহযোগীদের ঘটনাস্থলে ডাকেন। একই সময়ে একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশাও আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শাকিল হিজড়া ও মুন্নি আক্তারের নেতৃত্বে ৫-৬ জন হিজড়া এবং ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে এসে হৈচৈ, গালিগালাজ ও অশ্লীল আচরণ শুরু করে। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে রেকারচালকের ওপর হামলার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশের ওপরও হামলা করা হয়। হামলায় টিএসআই জাহিদ হোসেন আহত হন। তার হাতের আঙুল, মুখ ও হাঁটুতে আঘাত লাগে। হামলাকারীরা তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলে এবং চশমা ভেঙে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে হামলাকারীরা আটককৃত গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হালিশহর থানা পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের টিআই হালিশহর একেএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার অন্যদের শনাক্তে অভিযান চলছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares