কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করেন। যার ফলে মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পদুয়ার বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন।
এর আগে তারা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সড়কে এসে জড়ো হন। পরে সড়কের দুই লেন বন্ধ করে দিলে উভয় পাশে যানবাহনের তীব্র জট লেগে যায়।
নাসা গ্রুপ কর্তৃপক্ষ হঠাৎ করেই কোনো পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দিয়েছে বলে অভিযোন শ্রমিকদের। পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের বেতনও পরিশোধ করা হচ্ছে না।
গুরুত্বপূর্ণ মহাসড়কটিকে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে পুলিশ। শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে রাজি করানোর চেষ্টা করা হয়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
পি/আর
