শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ৭০

প্রকাশ: ৩ জুন ২০২৬ | ৫:২৭ অপরাহ্ণ আপডেট: ৩ জুন ২০২৬ | ৫:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ৭০

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর বিশেষ অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে সিএমপির জনসংযোগ শাখা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, নগরের বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে খুলশী থানা থেকে ১৩ জন, বায়েজিদ বোস্তামী ও কোতোয়ালী থানা থেকে ১২ জন করে, পাঁচলাইশ থানা থেকে ১০ জন, ডবলমুরিং থানা থেকে সাতজন, ইপিজেড থানা থেকে তিনজন, বাকলিয়া ও কর্ণফুলী থানা থেকে দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলকারীরা নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি দুই নম্বর গেট এলাকা থেকে শুরু হয়ে জিইসি মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রয়েছে।

সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares