চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে মো. হাসান প্রকাশ রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রেশমি আক্তার (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ শহীদ মিনার গলিতে এ ঘটনা ঘটে।
নিহত রাজু রাউজান উপজেলার কদলপুর এলাকার আবুল কালামের ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি গত ৩ মে বড় বোন রুমা আক্তারের বাসায় বেড়াতে এসে অবস্থান করছিলেন। সম্প্রতি রাউজানে সংঘটিত একটি হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বোনের বাসার সামনে শহীদ মিনার গলিতে অবস্থান করছিলেন রাজু। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে চার থেকে পাঁচজন অস্ত্রধারী সেখানে আসে। পরে তারা খুব কাছ থেকে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন রাজু।
এ সময় গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় রেশমি আক্তার নামে এক শিশু। পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার বাম চোখে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রাজুর বড় বোন রুমা আক্তার বলেন, ‘আমার ভাই চার দিন আগে এখানে বেড়াতে এসেছিল। কেন তাকে এভাবে হত্যা করা হলো?
চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম গণমাধ্যমকে বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় রাজু নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি রাউজানে। দুইদিন আগে রৌফাবাদে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। কেন তাকে হত্যা করা হয়েছে তার জানার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, রেশমি আক্তার নামের এক শিশু দোকানে যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়ে চোখে গুলিবিদ্ধ হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক স্বজনদের বরাতে বলেন, শিশুটি বাসা থেকে বের হয়ে দোকানে যাবার পথে কিছু লোক গুলি ছোঁড়ে। একটি গুলি শিশুটির চোখে লাগে।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেছেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কী কী কারণে এই হত্যাকাণ্ড সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’
