নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড)-এ অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরের পর আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই কারখানার প্রধান গেইটে ভিড় জমায় শত শত শ্রমিকের সহকর্মী ও আত্মীয়-স্বজন। অনেকে ভেতরে আটকে পড়াদের উদ্ধারের জন্য ছুটে আসেন, তবে নিরাপত্তার কারণে গেট বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।
হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে আগুনের ভয়াবহতা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্ণফুলী ইপিজেডের অন্যান্য কারখানাগুলোতে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হচ্ছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কর্ণফুলী ইপিজেডে বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগে গড়ে ওঠা বহু পোশাক কারখানা রয়েছে, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করেন।
ঘটনার আরও বিস্তারিত আসছে…
এসএস
