সাম্পান ডেস্ক
গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার বিকেলেই দুই মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে যে ১২ দপ্তরে— চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুটেন্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন), সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট (বাংলাদেশ সেনাবাহিনী), কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল এবং সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।
এর আগে বুধবার (৮ অক্টোবর) টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে এবং জেআইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।
একই দিন সকালে এ দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন প্রসিকিউশন। মামলাগুলোতে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ পরিচালক জেনারেল (ডিজি)সহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ফরমাল চার্জ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী এসব আসামি কেউই আর সরকারি পদে থাকতে পারবেন না।
এসএস
