বিনোদন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দীন।
তিনি জানান, সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তৌহিদের অবস্থান শনাক্ত করে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বরিশালের বাংলা বাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে তৌহিদ আফ্রিদিকে আটক করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে যোগ দেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।
সে তালিকায় নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে। এর আগে গত রবিবার গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রিমান্ড শেষে তাকে শনিবার কারাগারে পাঠানো হয়।
এসএস
