সাম্পান ডেস্ক
মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূলীয় জলসীমায় অনধিকার প্রবেশের অভিযোগে বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলারসহ সাত জেলেকে আটক করেছে বলে দাবি করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ।
তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হয়। ট্রলারটিতে সাতজন জেলে ছিলেন।
এর আগে, গত ২৭ অক্টোবর একইভাবে আরও একটি ফিশিং ট্রলারসহ চারজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় সংগঠনটি।
মিয়ানমারভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা বাংলাদেশি ট্রলারগুলো শনাক্ত করা হয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মংডু টাউনশিপের একরাজা গ্রাম উপকূল থেকে প্রায় ২ দশমিক ১৪ কিলোমিটার পশ্চিমে একটি কাঠের ট্রলারসহ সাত জেলেকে আটক করা হয়।
ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল ও প্রায় ২৬০ কেজি মাছ জব্দ করেছে আরাকান আর্মি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। ঘটনাটি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি বেড়ে যাওয়ায় বাংলাদেশি জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এসএস
