সাম্পান ডেস্ক
আগামী ১৮ নভেম্বর থেকে আবুধাবিতে শুরু হতে যাচ্ছে টি-টেন লিগের নবম আসর। টুর্নামেন্ট শুরুর আগে দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় নতুন ঘোষণা দিল দিল্লি বুলস। দলটি দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের দুই ক্রিকেটার—অভিজ্ঞ অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও তরুণ পেসার উবায়েদ শাহকে।
১৯ বছর বয়সী উবায়েদ শাহ এবারই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে চলতি আসরে ১১ ম্যাচে ১২টি উইকেট নিয়ে নজর কাড়েন এই ডানহাতি পেসার।
অন্যদিকে, ৩৫ বছর বয়সী ইফতিখার আহমেদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৬৬ ম্যাচ। এছাড়া তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
এর আগে খেলোয়াড় ড্রাফটে দিল্লি বুলস দলে যুক্ত করেছিল পাকিস্তানের সালমান ইর্শাদ ও মীর হামজাকে। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্য থেকে ডেকান গ্ল্যাডিয়েটর্স দলে নিয়েছে আলি রেজা ও রহস্যময় স্পিনার উসমান তারিককে। সিপিএল-এ ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে আলোচনায় আসেন উসমান।
এদিকে আজমান টাইটান্সের হয়ে এবারের টি-টেন লিগে খেলবেন পাকিস্তানের জামান খান, আসিফ আলি এবং আকিফ জাভেদ।
টি-টেন লিগে এবারো তারকাখচিত দল ও ব্যাটে-বলে তুখোড় প্রতিযোগিতা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এসএস
