বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাতকানিয়া-লোহাগাড়াকে সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই: শাহজাহান চৌধুরী

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ১:২৩ পূর্বাহ্ণ আপডেট: ২০ আগস্ট ২০২৫ | ১:২৩ পূর্বাহ্ণ
সাতকানিয়া-লোহাগাড়াকে সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়া-লোহাগাড়া হচ্ছে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জনপদ। এখানে আলিম-উলামা, সুফি-দরবেশ, ব্যবসায়ী-প্রবাসী, কুলি-মজুরসহ সর্বস্তরের মানুষ ভ্রাতৃত্ব ও ভালোবাসার মাধ্যমে বসবাস করে আসছে। কিন্তু ফ্যাসিবাদের আমলে এই জনপদের ঐতিহ্য ক্ষুণ্ণ করা হয়েছে। সামাজিক সম্প্রীতি ভেঙে দিয়ে বিভেদের রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা আবারও এই জনপদকে সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনজোয়ারকে বিজয়ে রূপান্তর করতে হলে সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। আলেম-উলামাদের নসিহত গ্রহণ করতে হবে, শ্রমজীবী মানুষের আস্থা অর্জন করতে হবে এবং রাজনৈতিক ও সামাজিক অংশীজনের সাথে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতা, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও দক্ষিণ জেলার সাবেক আমীর জাফর সাদেক। এছাড়াও বক্তব্য রাখেন—জামায়াতের নায়েবে আমীর ড. হেলালুদ্দীন মুহাম্মদ নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, মাওলানা আবুল ফয়েজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ড. ছাবের আহমদ, ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারি আসহাব উদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares