বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ৯:৩৩ অপরাহ্ণ আপডেট: ১০ জুলাই ২০২৫ | ৯:৩৬ অপরাহ্ণ
হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে সরকারি সংস্থার আকস্মিক মোবাইল কোর্টের নামে অভিযান চালিয়ে রোগী ও সেবাপ্রার্থীর সামনে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।

এ ঘটনার নিন্দা জানিয়ে সংগঠনটি বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নগরীর জিইসি মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোত্তালিব। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম, ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ডা. সুভাস চন্দ্র সূত্রধর, অফিস সম্পাদক মো. শহীদুল্লাহ আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, ৮ জুলাই হঠাৎ করে বিভিন্ন সরকারি সংস্থা মোবাইল কোর্ট পরিচালনার নামে একটি বেসরকারি হাসপাতালে অনাকাঙ্ক্ষিতভাবে অভিযান চালায়, যা চিকিৎসা সেবার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে এবং রোগী ও স্বজনদের মধ্যে ভীতি ও বিভ্রান্তির জন্ম দিয়েছে। এই ধরণের আচরণ অনভিপ্রেত এবং স্বাস্থ্যখাতের সম্মান ক্ষুণ্ণ করে বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, অতীতেও মোবাইল কোর্টের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গণমাধ্যমে প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ফলে তখন মালিক সমিতি চিকিৎসা সেবা বন্ধসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল। পরবর্তীতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন এবং মালিক সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছিল।

সভায় জানানো হয়, বর্তমানে কোভিড, ডেঙ্গু, চিকনগুনিয়াসহ নানা সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো চরম চাপে রয়েছে। এ পরিস্থিতিতে কোনো প্রকার পূর্ব ঘোষণা বা পরিকল্পনা ছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করলে তা স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটাবে।

প্রাইভেট হসপিটাল মালিক সমিতির নেতৃবৃন্দ মনে করেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নীতিমালার আলোকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বেসরকারি ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালানো উচিত।

সভা থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে যথাযথ নির্দেশনা প্রদান ও হস্তক্ষেপ কামনা করা হয়, যাতে ভবিষ্যতে এই ধরনের হয়রানি ও অনিয়ম পুনরায় না ঘটে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares