পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া এলাকায় ডিলার আহমেদ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের ছেলে মো. তারেক (২০)। স্থানীয়দের মতে, তারা দুজনেই রাজমিস্ত্রীর কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাজিম প্রথমে সেফটিক ট্যাংকে নেমে কাজ শুরু করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার খোঁজে তারেকও ট্যাংকে নামেন। পরে দুজনেই নিখোঁজ হয়ে যান। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় যুবক মিসকাতুর রহমান বলেন, প্রথমে নাজিম ট্যাংকে নামেন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে তারেকও খুঁজতে যান। পরে তাদের আর কোনো সাড়া না পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই।
পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস
