নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে গত সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায়। পুলিশ জানায়, সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটি মিছিল বের হলে, খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং কর্তব্য পালনে বাধা দেয়।
হামলায় বন্দর থানার এসআই আবু সাঈদ রানা গুরুতর আহত হন। তার মাথা, গলা, হাত ও পেটে আঘাত লেগেছে বলে জানা গেছে।
পরে ১১ আগস্ট রাত ১১টা ৫০ মিনিট থেকে ১২ আগস্ট ভোর ৪টা পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাসান (২২), জাহিদ হাসান (২৩), মনির হোসেন (২৮), শাহাদাত হোসেন (৪৯), মোঃ দেলোয়ার (২০), মোহাম্মদ দেলোয়ার (২৮), অমিত হাসান শান্ত (২৫), মোঃ আব্দুল আজিম (৫৫), মোঃ ইকবাল (৩২), মোশারফ প্রকাশ সাহেব (৪৯), মোঃ রাকিব সরকার (২৩), মোহাম্মদ তাসরিফ (২৫), সালাউদ্দিন বাদশা (৫২), নূর উদ্দিন মাসুম (৪২), মোঃ নূর উদ্দিন (৪৭), ইমতিয়াজুর রহমান (১৯), মোঃ রিমন (২৯) ও মোঃ টিপু (২৪)।
তাদের কাছ থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে— একটি লোহার পাইপ, শাবল, কুড়াল, চাপাতি, লোহার কাঁচি, ধামা, দা, কাঠের বাটযুক্ত একাধিক ছোরা ও টিপছোরা
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএস
