বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম-২ আসনে নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ৩:১০ অপরাহ্ণ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ | ৩:১০ অপরাহ্ণ
চট্টগ্রাম-২ আসনে নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরের চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি উত্তর জোনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, সন্ত্রাসমুক্ত, ন্যায়ভিত্তিক ও মডেল ফটিকছড়ি গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অধ্যক্ষ নুরুল আমিনকে সৎ, আদর্শবান ও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন—নুরুল আমিনের নেতৃত্বে ফটিকছড়ি উন্নয়ন ও ন্যায়বিচারের দিকে এগিয়ে যেতে পারে।

তিনি দাবি করেন, গত ১৭ বছরে জামায়াত নেতাকর্মীদের ওপর নানা দমন-নির্যাতন চালানো হলেও সংগঠনকে দমিয়ে রাখা যায়নি। বরং এসব ঘটনার মাধ্যমে কর্মীদের মনোবল আরও দৃঢ় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশের সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নির্বাচন শুধু ভোটের প্রতিযোগিতা নয়; এটি মূল্যবোধের লড়াই। তিনি নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, প্রচারণায় সক্রিয় ভূমিকা এবং সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রচার জোরদারের আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আর্থিক, শারীরিক ও মানসিকভাবে প্রচারণায় অংশ নেওয়ার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের এইচআরডি সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান ও শাহজাহান সিরাজ যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares