নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে স্বাধীনতা, গণতন্ত্র ও শহীদদের ত্যাগকে স্মরণে রেখে ‘নতুন বাংলাদেশ সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল এন্টি-ফ্যাসিস্ট এলায়েন্স (আফা) এবং সার্বিক সহযোগিতায় ছিল লাভ বাংলাদেশ পার্টি।
এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক রাফসান জনির সঞ্চালনায়, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা, যারা অনুষ্ঠানের বিশেষ সম্মানিত অতিথি ছিলেন। সকল পুরস্কার ও সম্মাননা শহীদ পরিবারের সদস্যদের হাত থেকে প্রদান করা হয়।
অনুষ্ঠানে শহীদদের অবদান স্মরণে ১০টি বিশেষ ‘শহীদদের ক্রেস্ট’ প্রদান করা হয়— শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফারুক, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ মো. জামাল, শহীদ ইশমামুল হক, শহীদ ইউসুফ, শহীদ ওমর বিন আবসার, শহীদ মাহবুবুল হাসান, শহীদ শহিদুল ইসলাম ও শহীদ মো. আলম।
সংবাদ মাধ্যমের অবদানের জন্য মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার দুই প্রতিনিধি বিশেষ সম্মাননা পান। এছাড়া অনুষ্ঠান সফল করতে ও সহযোগিতায় বিশেষ সম্মাননা প্রদান করা হয় লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী, সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব লায়ন সাজ্জাদ উদ্দিন, নুরুল কবির, দৈনিক আমাদের চট্টগ্রামের প্রধান প্রতিবেদক মুনীর চৌধুরী, চবি ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন চৌধুরী, মানবাধিকার কর্মী ও ভয়েডের প্রতিষ্ঠাতা মাশরুর আনোয়ার চৌধুরী ও ইরফাত ইব্রাহিমকে।
সংগঠন সম্মাননা পেয়েছেন— ছাত্র ফেডারেশন (গণসংহতি), স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন (মুক্তি কাউন্সিল), পুনাব, পুসাব, জানাপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আপ বাংলাদেশ।
সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য বাহাছ ও জুলাই রেকর্ডসকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ‘জেনেটিক সম্মাননা ক্রেস্ট’ দেওয়া হয় নারী যোদ্ধা, দুইজন মাদরাসা শিক্ষার্থী, একজন আইনজীবী এবং ‘অবদান শীর্ষক’ সম্মাননা দুটি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল ও ব্যক্তিরা শহীদদের ত্যাগ ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজক আফা ও সহযোগী লাভ বাংলাদেশ পার্টি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
এসএস
