সাম্পান ডেস্ক
চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব।
শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে মস্তাননগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহাসড়কের পাশে একটি মোটরসাইকেলে অমল নামের এক ব্যক্তির পেছনে বসে ছিলেন রাজিব। এ সময় হঠাৎ মুখোশ পরা সশস্ত্র দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে অমলের পায়ে একটি এবং রাজিবের কোমরের দু’পাশে দুটি গুলি বিদ্ধ হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দু’জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস জানান, রাত সাড়ে ১০টার দিকে রাজিবকে হাসপাতালে আনা হয়। তার কোমরের দুই পাশে গুলির চিহ্ন রয়েছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
রাজিবের এক নিকটাত্মীয় বলেন, ঘটনার সময় তিনি একটি সাধারণ যাত্রাপথে ছিলেন। কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে, আমরা কিছুই বুঝতে পারছি না।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
এসএস
