সাম্পান ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর পদে আবারও নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জামায়াতে ইসলামীর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় জাসদ ছাত্রলীগের মাধ্যমে। ১৯৭৩ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগ দেন এবং পরবর্তীতে ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হন। পরে সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি মূল ধারার রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হন ডা. শফিকুর রহমান এবং ৫ ডিসেম্বর ২০২০-২০২২ কার্যকালের জন্য শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয় দফায় পুনরায় নির্বাচিত হয়ে ১৮ নভেম্বর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেন।
নতুন নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো আমীরে জামায়াত হিসেবে দায়িত্ব পেলেন ডা. শফিকুর রহমান।
এসএস
