নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেছেন, জুলাই বিপ্লব আমাদের নতুন করে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে। আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। দ্বীনি শিক্ষার প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের যাইতুন একাডেমি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, মাদরাসা শিক্ষা কারিকুলাম শুধু দেশে নয়, বিদেশেও চাহিদা রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশিদের জন্য মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি রয়েছে।
পরিদর্শনকালে যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আজহারী, ড. মো. শহীদুল হকসহ একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষার্থীরা ঐতিহাসিক সঙ্গীত ‘তালাআল বাদরু আলাইনা’ পরিবেশন করে অতিথিকে বরণ করে নেয়।
এছাড়া তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুনসহ অতিথিরা উপস্থিত ছিলেন। তারা একাডেমির ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, স্টুডিও, পাবলিকেশন ও নতুন সায়েন্স ও রোবোটিক্স ল্যাব পরিদর্শন করেন। এছাড়া আবাসিক হোস্টেল ও ডাইনিং হলও ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অভ্যর্থনা অনুষ্ঠানে ড. মুহাম্মদ আমিনুল হক স্বাগত বক্তব্যে যাইতুন একাডেমির ইতিহাস তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের প্রশংসা করে বলেন, আপনার নেতৃত্বে দেশের মাদরাসা শিক্ষা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল বলেন, মাদরাসা শিক্ষা উন্নয়নে চেয়ারম্যান স্যারের যেকোনো নির্দেশনায় আমরা কাজ করে যাবো।
এসএস
