সাম্পান ডেস্ক
রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে স্থানীয় বিএনপির পরিচয়ধারী একদল বখাটে রিকশাচালকদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা রিকশাচালকদের ওপর চড়াও হয়।
এ সময় ঘটনাটি দেখে প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ২৪ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর সারাদেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এদেরকে এখনই রুখে দিতে হবে, নয়তো তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে।
তিনি আরও বলেন, আমরা ঘটনাটিকে সাধারণভাবে দেখছি না। এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ। প্রশাসনকে এ ঘটনার তদন্ত করে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
মাওলানা মাদানী আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ আগামী নির্বাচনে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ।
ঘটনার পর রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলনের এক নেতা।
