নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষক ও প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত রাশেদ চৌধুরী স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ভাতিজা।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে এ মানববন্ধন হয়। এ সময় ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দও পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করে সিনিয়র শিক্ষক রতন কান্তি চৌধুরীকে ইট দিয়ে আঘাত করেন রাশেদ চৌধুরী (৫০)। বাধা দিতে গেলে প্রধান শিক্ষক সুনব বড়ুয়াকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত রাশেদ চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা।
ঘটনার পর ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
প্রধান শিক্ষকের এক আত্মীয় জানান, শারীরিক ও মানসিক আঘাতের ফলে তার অবস্থা অবনতি হয় এবং অপমানজনিত ধাক্কা থেকে স্ট্রোক হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহম্মদ বলেন, আসামি হেফাজতে আছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
এসএস
