বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে গণপিটুনির বলি স্কুলছাত্র

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ | ২:৩৬ অপরাহ্ণ আপডেট: ২২ আগস্ট ২০২৫ | ২:৩৬ অপরাহ্ণ
ফটিকছড়িতে গণপিটুনির বলি স্কুলছাত্র

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারিয়েছে মাত্র ১৪ বছরের স্কুলছাত্র মাহিন। আহত হয়েছে আরও দুই তরুণ।

শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে ঘটে এই ঘটনা। নিহত মাহিন কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার সহপাঠীরা বলছে, ক্লাসে সে চঞ্চল আর হাসিখুশি ছিল। গতকালও খেলাধুলা করেছে—আজ সে আর নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাগর আলী তালুকদারের বাড়িতে চুরির চেষ্টা হয় বলে গুঞ্জন ওঠে। গ্রামবাসী ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে। উত্তেজিত জনতা বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মারা যায় মাহিন। আহত দুই তরুণ রাহাত (১৬) ও মানিক (১৯) হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। নিহত মাহিনের পরিবার এবং কয়েকজন স্থানীয় দাবি করেছেন—এটি প্রকৃতপক্ষে চুরির ঘটনা ছিল কিনা তা স্পষ্ট নয়। তাদের অভিযোগ, নিরপরাধ হয়েও মাহিন গণপিটুনির শিকার হয়েছে।

কাঞ্চননগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াকুব আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ আমরা এখনো নিশ্চিত নই।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

নিহত মাহিনের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে গণপিটুনির মতো আইনবহির্ভূত ঘটনায় প্রশ্ন উঠেছে—একটি শিশু কি কখনো এমন পরিণতির শিকার হতে পারে?

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares