বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

পূজা পরিদর্শনে গিয়ে নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩:৫৫ অপরাহ্ণ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩:৫৫ অপরাহ্ণ
পূজা পরিদর্শনে গিয়ে নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার

সাম্পান ডেস্ক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা প্রস্তুতি পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্র সবার প্রতি সমান আচরণ করবে, কোনো বৈষম্য নয়।
তিনি বলেন, ‘যত ধর্মীয় পার্থক্য, মতের ভিন্নতা বা আর্থিক অবস্থার পার্থক্য থাকুক না কেন, রাষ্ট্রের কাছে সবাই সমান নাগরিক। নাগরিকের অধিকার সংবিধানেই লিপিবদ্ধ, কাউকে সামান্যতম বঞ্চিত করারও অধিকার সরকারের নেই।’
নাগরিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে ইউনূস আরও বলেন, ‘আমরা চাই না নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে থেকে ধর্ম পালন করতে। আমরা চাই নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে। নতুন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সবার নাগরিক অধিকার নিশ্চিত করা।’
ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম হয়তো এবার আমাকে এই আনন্দ থেকে বঞ্চিত করা হবে। কিন্তু আমি নাছোড়বান্দা, আমি বলেছি যাবই। পূজার আনন্দ থেকে আমি দূরে থাকতে চাইনি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দে প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares