সাম্পান ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মোট ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট।
এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের জন্য ৩০০ টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের জন্য ২০০ টাকা নগদ জমা দিতে হবে। রশিদসহ মনোনয়ন ফরম চাকসু অফিস থেকে সংগ্রহ করা যাবে।
এসএস
