বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবিতে চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ণ আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ণ
চবিতে চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট

চবি প্রতিনিধি

দীর্ঘ প্রায় ৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামী ২৮ আগস্ট, বৃহস্পতিবার। এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধিও।

রোববার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি বলেন, চাকসুর প্রাথমিক কাজগুলো আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি। আশা করছি বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা সম্ভব হবে। কমিশনের কার্যালয় চাকসু ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ ভোটার তালিকাও হাতে আসবে।

চাকসু কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, নির্বাচনী আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে। সপ্তাহের শেষেই তফসিল ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চাকসু নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার তফসিল ঘোষণার পাশাপাশি নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানানো হবে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মনির উদ্দিন। কমিটির সদস্যসচিব শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী (ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ)

অধ্যাপক ড. মু. আফর উল্লাহ তালুকদার (ডিন, আইন অনুষদ)

অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক (প্রভোস্ট, শামসুন নাহার হল)

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (পরিচালক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র)

অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ (প্রক্টর)

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ

অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ (লোকপ্রশাসন বিভাগ)

অধ্যাপক ড. রুমানা আক্তার (সভাপতি, মনোবিজ্ঞান বিভাগ)

অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস)

সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব (ইংরেজি বিভাগ)।

কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়মিত নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার ভোট অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘর্ষ এবং অনুকূল পরিবেশের অভাবে দীর্ঘদিন আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares