বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ইতিহাস গড়লো কন্টেইনার হ্যান্ডলিং, সংকট পেরিয়ে প্রবৃদ্ধি ৪ শতাংশ

প্রকাশ: ১ জুলাই ২০২৫ | ৫:০৫ অপরাহ্ণ আপডেট: ১ জুলাই ২০২৫ | ৫:১৭ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে ইতিহাস গড়লো কন্টেইনার হ্যান্ডলিং, সংকট পেরিয়ে প্রবৃদ্ধি ৪ শতাংশ

সাম্পান ডেস্ক

নানা বাধা-বিপত্তি পেরিয়ে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। কাস্টমস কর্মীদের কয়েক দফা কর্মবিরতি, বৈশ্বিক জাহাজ চলাচলে সংকটসহ নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও কন্টেইনার ও খোলা পণ্যের পরিমাণ উভয়ই বেড়েছে।

বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরে মোট ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার একক) কন্টেইনার ওঠানামা হয়েছে। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস। এতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ০২ শতাংশ।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘একটি অর্থবছরে এত কন্টেইনার হ্যান্ডলিং আমাদের জন্য বড় অর্জন। কাস্টমস কর্মবিরতি ও বিভিন্ন সংকট না থাকলে এই সংখ্যা আরও বাড়তে পারত।’

তিনি আরও জানান, অর্থবছর শেষ হওয়ার ১৫ দিন আগেই আগের বছরের রেকর্ড অতিক্রম করেছিল বন্দর।

শুধু কন্টেইনার নয়, খোলা পণ্য বা কার্গো হ্যান্ডলিংয়েও দেখা গেছে ইতিবাচক প্রবণতা। সদ্য বিদায়ী বছরে মোট ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে। আগের বছর যা ছিল ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৪৮ মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ০৭ শতাংশ।

একই সময়ের মধ্যে বন্দরে আগত জাহাজের সংখ্যাও বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে মোট জাহাজ এসেছে ৪ হাজার ৭৭টি, যা আগের বছরের তুলনায় ১০৬টি বেশি।

বন্দর সচিব বলেন, ‘বন্দরের এই অগ্রগতির পেছনে রয়েছে বন্দর কর্মকর্তাদের আন্তরিকতা, অপারেটরদের দক্ষতা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা।’

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের রেকর্ড বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা ও বৈশ্বিক বন্দর ব্যবস্থাপনায় চট্টগ্রামের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares