বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

শক্ত ঘাঁটিতে বিএনপির ঘুরে দাঁড়ানোর চেষ্টা: চট্টগ্রাম-১৫ আসন পুনরুদ্ধারে ঐক্য প্রক্রিয়ায় দুই দফা বৈঠক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১২:৩৪ অপরাহ্ণ আপডেট: ২১ জুলাই ২০২৫ | ১২:৩৪ অপরাহ্ণ
শক্ত ঘাঁটিতে বিএনপির ঘুরে দাঁড়ানোর চেষ্টা: চট্টগ্রাম-১৫ আসন পুনরুদ্ধারে ঐক্য প্রক্রিয়ায় দুই দফা বৈঠক

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসন পুনরুদ্ধারে সক্রিয়ভাবে মাঠে নেমেছে বিএনপি। দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ কৌশল নিতে শুরু করেছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দক্ষিণ জেলা বিএনপি নেতৃত্বাধীন দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে ১৭ ও ২০ জুলাই অনুষ্ঠিত দুই বৈঠকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনসহ দুই উপজেলার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, চলমান জাতীয় রাজনীতিতে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় চট্টগ্রাম-১৫ আসনে নতুন করে অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। ঐতিহাসিকভাবে এ আসনে জামায়াতের প্রভাব থাকলেও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার ঐক্যের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই উপজেলার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতেই এ বৈঠক। সবাই ঐক্যবদ্ধভাবে দলের সিদ্ধান্তে কাজ করবেন।

উল্লেখ্য, স্বাধীনতা-পরবর্তী ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে এই আসনে জামায়াত ও বিএনপি তিনবার করে জয়লাভ করেছে। আওয়ামী লীগও তিনবার এবং জাতীয় পার্টি দুইবার বিজয়ী হয়েছে, একবার জয়ী হন স্বতন্ত্র প্রার্থী। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল মোতালেব স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান।

পর্যবেক্ষকরা মনে করছেন, দলীয় ঐক্য ও সংগঠনের পুনর্গঠনের মাধ্যমে বিএনপি যদি স্থানীয় বিভাজন কাটিয়ে শক্ত প্রার্থী দাঁড় করাতে পারে, তাহলে চট্টগ্রাম-১৫ আসন পুনরুদ্ধারে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares