বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী থানার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় সেনাবাহিনী নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জলদস্যুদের একটি গোপন আস্তানায় এ অভিযান চালানো হয়। এ সময় আস্তানা থেকে ২টি শটগান ও ১৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদী কেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ নানা অপরাধে সক্রিয় ছিল। তাদের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। একইসঙ্গে স্থানীয়দের যেকোনো অপরাধমূলক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
এসএস
