বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে হিন্দুরা বেশি নিরাপদে থাকবে: সরওয়ার আলমগীর

প্রকাশ: ১ নভেম্বর ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ণ আপডেট: ১ নভেম্বর ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ণ
বিএনপি ক্ষমতায় এলে হিন্দুরা বেশি নিরাপদে থাকবে: সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর— বিএনপি ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায় হিন্দুস্তানের চেয়েও নিরাপদে বসবাস করবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে ফটিকছড়িতে আয়োজিত এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মিহির চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে ঘোষণা দিয়েছেন—সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন করা হবে। বিএনপি সরকার গঠন করলে সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ও মর্যাদায় বসবাস করতে পারবে।

তিনি আরও বলেন, আজ দেশের মানুষ ন্যায়বিচার, স্বাধীন মতপ্রকাশ ও ধর্মীয় সহাবস্থানের জন্য আকাঙ্ক্ষিত। বিএনপি সেই গণমানুষের দল, যারা জাতিকে মুক্তি দিতে চায় অন্যায়, দুঃশাসন ও বৈষম্য থেকে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, নাছির উদ্দীন চৌধুরী, মুনসুর আলম চৌধুরী ও আবু আহমদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু লিংকন চক্রবর্তী।

সভায় আরও বক্তব্য রাখেন বাবু সুজিত চক্রবর্তী, সুমন কুমার বণিক, ডা. প্রতাপ রায়, এডভোকেট মিহির কান্তি দে, ডা. অজিত দে সুজন, উজ্জ্বল নাথ, মাসন চক্রবর্তী, ডা. জয়ন্ত দাস জেকি, বাচ্চু ঘোষ, রবিন পাল, নান্টু দাস, প্রদ্বীপ রায় ও লিটন পাল লিটু।

বক্তারা বলেন, ফটিকছড়ি সবসময়ই সম্প্রীতির অঞ্চল হিসেবে পরিচিত। এখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ। বিএনপির নেতাকর্মীরা সেই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে কাজ করছে।

সভা শেষে উপস্থিত নেতা ও অতিথিদের মধ্যে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares